গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। এ সময় তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে বলে আশা করছি। আপনারা সবাই মিলে যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’
দুটি থানা পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’
পুলিশের সীমিত জনবল ও জনসমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরে আইজিপি বলেন, একটি থানায় যদি ২০ জন পুলিশ সদস্য থাকেন এবং তাদের প্রতি জনগণের মানসিক সমর্থন ও সহযোগিতা না থাকে, তাহলে তাদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে জনগণের সহযোগিতা করতে হবে।
সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আসল কথা হলো, জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।
এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইজিপি মো. আলী হোসেন ফকির, এসআরবির মহাপরিচালক ফারুক আহম্মেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। সহিংসতায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া এবং জেলার তিনটি আসনের সংসদ সদস্যসহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।