1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে মা-বাবাকে নির্যাতন ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড - Gangchil TV
November 17, 2026, 6:51 pm

অভয়নগরে মা-বাবাকে নির্যাতন ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 18, 2026
  • 17 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

 

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মা-বাবার করা পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে ওহিদ গাজী (২৬), বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে সজিব আহমেদ (৩০) এবং মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে শামীম শেখ (২০)। শামীমের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছবদলপুর গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত ছিলেন। মাদক কেনা ও নেশার টাকা জোগাড় করতে তাঁরা প্রায়ই নিজেদের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগী মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ করেন।

 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে গুয়াখোলা গ্রামে নিজ বাড়িতে মাদক সেবনকালে ওহিদ গাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

অন্যদিকে, বুইকারা গ্রামের সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের শামীম শেখকে পৃথক অভিযানে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, মাদক ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর