1. gangchiltvip@gmail.com : admin :
বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ; পুড়ল কোরআন-হাদিস - Gangchil TV
November 17, 2026, 6:50 pm

বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ; পুড়ল কোরআন-হাদিস

তানভীর ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • আপডেটের সময়: Tuesday, November 17, 2026
  • 11 সময় দেখুন

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে পবিত্র কোরআন শরিফ ও হাদিসের বই পুড়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয়রা।

 

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের আরজু মেম্বার ও বাবুল মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দুই দিন আগেও রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় কয়েকটি বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

 

এরপর সোমবার সকালে আবারও দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের চার থেকে পাঁচটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অগ্নিসংযোগে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালের পাশাপাশি পবিত্র কোরআন শরিফ এবং হাদিসগ্রন্থও পুড়ে গেছে।

 

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর