অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে র্যাব-৬ এর বিশেষ অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর মেজর এটিএম ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ইছামতি গ্রামের সবারত মোল্লার ছেলে মো. আজিমুল মোল্লাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আটক আজিমুল মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি ককটেল ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।