1. gangchiltvip@gmail.com : admin :
জয়েন্ট ট্রেডিং করপোরেশন'র আনিসুর রহমান হত্যা নিয়ে ঘনীভূত রহস্য  - Gangchil TV
May 9, 2026, 3:31 pm

জয়েন্ট ট্রেডিং করপোরেশন’র আনিসুর রহমান হত্যা নিয়ে ঘনীভূত রহস্য 

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, May 9, 2026
  • 153 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট

 

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান ওরফে বড় আনিস হত্যাকাণ্ডকে ঘিরে দিন যতই যাচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন রহস্যময় তথ্য। আদৌ কি শুধুমাত্র বাড়িভাড়ার জন্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে প্রাণ দিতে হলো—নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের কোনো পূর্ব বিরোধ?

 

গত ৬ মে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন ও আনিস ট্রেড ভ্যালির মালিক আনিসুর রহমান ওরফে বড় আনিসকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে দ্রুত খুলনায় নেওয়া হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ঘটনার পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে—বাড়িভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার পায়। একইদিন নওয়াপাড়ার ব্যবসায়ীরা যশোর–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

 

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনমনে ভিন্ন প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে—বাড়িভাড়া নিয়ে বিরোধ কি এতটাই ভয়াবহ হতে পারে যে, তার জেরে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে?

 

এদিকে জানা গেছে, পীরবাড়ির শাহ জুনায়েদের কাছ থেকে আনিস ট্রেড ভ্যালির জমি ক্রয়কে কেন্দ্র করে ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদের। স্থানীয় সূত্রগুলো জানায়, আনিসুর রহমান শাহ মাহমুদের বাপ–চাচাদের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। ওই জমিতে যাতায়াতের রাস্তা নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

 

স্থানীয়ভাবে জমি সংক্রান্ত ওই বিরোধকে ঘিরে আগে থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহলের একাধিক ব্যক্তি। তথ্য আরও বলছে, এর আগেও আনিস ট্রেড ভ্যালির গ্যারেজে মোটরসাইকেল রাখা নিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার রেজাউল ইসলাম মিস্টির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছিল।

 

এছাড়া অনুসন্ধানে আরও জানা যায়, বাড়িভাড়ার যে বিষয়টি সামনে আনা হয়েছে, তা এই হত্যাকাণ্ডের সামগ্রিক প্রেক্ষাপটের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন অনেকেই।

 

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—যদি প্রকৃত বিরোধটি জমি সংক্রান্ত হয়ে থাকে, তাহলে কেন ঘটনার পর থেকে বাড়িভাড়ার বিষয়টিকেই সামনে আনা হচ্ছে? নাকি প্রকৃত ঘটনাকে আড়াল করতেই ভিন্ন খাতে আলোচনার মোড় ঘোরানো হচ্ছে?

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বাড়িভাড়ার বিষয় নয়, বরং জমি সংক্রান্ত পূর্ব বিরোধসহ সম্ভাব্য সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা জরুরি। অন্যথায়, একজন ব্যবসায়ীর হত্যার পেছনের আসল সত্য অধরাই থেকে যাবে।

 

এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর