1. gangchiltvip@gmail.com : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মফস্বল সাংবাদিকদের প্রতি বৈষম্য নিরসনের দাবি - Gangchil TV
February 6, 2026, 4:56 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মফস্বল সাংবাদিকদের প্রতি বৈষম্য নিরসনের দাবি

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, February 5, 2026
  • 61 সময় দেখুন

 

 

মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার ও গণতান্ত্রিক দায়িত্ব রক্ষার স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সাংবাদিক পরিচয়পত্র (প্রেস কার্ড) প্রদান প্রক্রিয়ায় মফস্বল সাংবাদিকরা নানা ধরনের বিড়ম্বনা ও জটিলতার সম্মুখীন হচ্ছেন। মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের বাস্তবতা বিবেচনায় না নেওয়ায় বহু পেশাদার সংবাদকর্মী তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের নিকট আমাদের যৌক্তিক দাবিগুলো নিম্নরূপভাবে উপস্থাপন করা হলো—

 

১. নিয়োগপত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে

মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ নিয়মিত সংবাদ সংগ্রহ ও প্রকাশ করলেও অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র পান না। বাস্তব এই সত্য উপেক্ষা করে নিয়োগপত্র বাধ্যতামূলক করায় বহু সাংবাদিক নির্বাচন কমিশনের পরিচয়পত্র থেকে বঞ্চিত হবেন। এ সিদ্ধান্ত শিথিল করা জরুরি।

 

২. গণমাধ্যম অফিস থেকে তালিকা চাওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

অনেক গণমাধ্যমের কেন্দ্রীয় অফিস থেকে জেলা–উপজেলার সাংবাদিকদের পূর্ণাঙ্গ তালিকা সরবরাহ করা কার্যত কঠিন ও সময়সাপেক্ষ। এই উদ্ভট ও বাস্তবতা-বিবর্জিত সিদ্ধান্তের কারণে যোগ্য সাংবাদিকরা অযথা কার্ডবঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই শর্ত পরিহার করা প্রয়োজন।

 

৩. অনুমোদিত গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপির ভিত্তিতে কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে

নির্বাচন কমিশন অনুমোদিত গণমাধ্যম থেকে প্রদত্ত সাংবাদিক পরিচয়পত্রের ফটোকপি জমা নিয়ে দ্রুত সাংবাদিক কার্ড প্রদান করার ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

 

৪. অনলাইন ও ম্যানুয়াল—দ্বৈত সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসন করতে হবে

প্রথমে অনলাইনে আবেদন, পরে আবার ম্যানুয়াল পদ্ধতির ঘোষণা—এই দ্বৈত ও পরস্পরবিরোধী সিদ্ধান্ত মফস্বল সাংবাদিকদের জন্য চরম বিভ্রান্তি ও ভোগান্তির কারণ হয়েছে। দূরবর্তী অঞ্চল থেকে বারবার কাগজপত্র সংগ্রহ ও দৌড়ঝাঁপে সময় ও অর্থ—দুই-ই অপচয় হচ্ছে। একটি সহজ, একক ও বাস্তবসম্মত পদ্ধতি নির্ধারণ করা জরুরি।

 

৫. নির্বাচন কমিশনের নিয়মাবলি সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে

নির্বাচন কমিশনের নির্ধারিত শর্তাবলি অনেক গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছেই স্পষ্ট নয়। ফলে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতেই জটিলতা ও বিলম্ব সৃষ্টি হচ্ছে। নিয়মাবলি সহজ ভাষায় ব্যাখ্যা ও নির্দেশনা প্রদান করা প্রয়োজন।

 

৬. সাংবাদিক পরিচয়পত্র প্রদানের শেষ সময় নির্দিষ্ট করতে হবে

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কিংবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সাংবাদিক পরিচয়পত্র প্রদানের শেষ সময়সীমা হিসেবে ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করার জোর দাবি জানানো হচ্ছে।

 

৭. নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রতি সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে, যাতে তারা অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে পারেন।

 

৮. গণমাধ্যমের দায়িত্ব পালনে কোনোভাবেই কঠোরতা আরোপ করা যাবে না

গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের সেতুবন্ধন। সাংবাদিকদের ওপর অযৌক্তিক কড়াকড়ি আরোপ করলে নিরপেক্ষ সংবাদ পরিবেশন ব্যাহত হবে। আমরা চাই—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণ ও রাষ্ট্রের সামনে তুলে ধরতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান।

 

জেমস আব্দুর রহিম রানা

কেন্দ্রীয় নির্বাহী সদস্য

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর