সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে হেলমেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১১টা ১৫ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে পরিচালিত এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় ৩৪ জন মোটরসাইকেল চালককে নিজ খরচে নতুন হেলমেট ক্রয়ে উদ্বুদ্ধ করা হয় এবং নিয়মিত হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সকল চালককে সর্বদা হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা। তিনি মোটরসাইকেল চালকদের উদ্দেশে বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।”
এর আগে মঙ্গলবার (১৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া শহরে সারাদিনব্যাপী ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
জেলা পুলিশের এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি ইতিবাচক ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও মানবিক আচরণ মানুষকে ট্রাফিক আইন মানতে আরও বেশি উৎসাহিত করবে।
স্লোগান:“আপনার নিরাপত্তা আপনার হাতে-হেলমেট পরিধান করুন, নিরাপদে চলুন।”