তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দকৃত যানবাহন। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস।
থানা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন মামলায় এসব যানবাহন জব্দ করে পুলিশ। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দীর্ঘ সময় ধরে এগুলো থানার চত্বরে অযত্নে পড়ে থাকে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহনগুলোর অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, থানার ভেতরে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় অধিকাংশ জব্দ যানবাহন খোলা জায়গায় রাখা হয়। ফলে প্রাকৃতিক প্রতিকূলতায় দ্রুত ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে মূল্যবান এসব সম্পদ। অনেক গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, বডিতে ধরছে মরিচা।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত মামলার নিষ্পত্তি, জব্দ যানবাহনের জন্য পৃথক সংরক্ষণাগার নির্মাণ এবং প্রয়োজনীয় আইনি সংস্কার না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব নয়। অন্যথায় প্রতিবছরই এভাবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতে থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ক্ষেত্রে যানবাহনের মালিকরা আইনি জটিলতা কিংবা আর্থিক অক্ষমতার কারণে তাদের গাড়ি ছাড়িয়ে নিতে আসেন না। আবার আদালতের অনুমতি ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি করারও সুযোগ নেই। ফলে বছরের পর বছর ধরে এগুলো থানায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।
এ প্রসঙ্গে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন,
“আমরা আদালতে আবেদন দিয়েছি। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি হলে আদালতের অনুমোদন সাপেক্ষে জব্দ যানবাহনগুলো নিলামের ব্যবস্থা নেওয়া হবে।”