অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর উপজেলা ইউনিটের অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট গেট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করা হয়।
উপজেলা ইউনিটের প্রধান হারুণ-অর-রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, উপজেলা সাংবাদিক ইউনিয়নের ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আলী আকবার, ইব্রাহিম হোসেন ইমরান, আমিনুর রহমান, তাওহীদ হাসান উসামা, রাজয় রাব্বি, আবুল বাশার জীবন, জাকির হোসেন হৃদয়, নাসিরুজ্জামান হৃদয়সহ নওয়াপাড়া প্রেসক্লাব ও ইউনিয়নের থানা কমিটির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অভয়নগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন এ অফিসের মাধ্যমে অভয়নগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।