1. gangchiltvip@gmail.com : admin :
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১ - Gangchil TV
May 10, 2026, 12:10 pm

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 10, 2026
  • 58 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের এক হেলপার।

 

রোববার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় কয়লাবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

 

নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালসের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় কোনো গেটম্যান বা সতর্ক সংকেত না থাকায় ট্রাকচালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি। ফলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মনোয়ার হোসেনের মৃত্যু হয়।

 

আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এলাকাবাসীর অভিযোগ, ভাঙ্গাগেট রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। বারবার দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর