1. gangchiltvip@gmail.com : admin :
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে কয়রায় যুবদল নেতাসহ গ্রেফতার ২ - Gangchil TV
November 27, 2026, 10:44 pm

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে কয়রায় যুবদল নেতাসহ গ্রেফতার ২

Reporter name :
  • আপডেটের সময়: Friday, November 27, 2026
  • 21 সময় দেখুন

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 

খুলনার কয়রায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও রসদ সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, শটগানের ২৫ রাউন্ড গুলি ও এয়ারগানের ৪৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬) নামে দুজনকে।

 

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমান সুন্দরবনের জলদস্যুদের কাছে নিয়মিত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে গোপনে এই সরবরাহ চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

অন্যদিকে গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি জলদস্যুদের খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও অভিযানের গতিবিধি সম্পর্কে তথ্য দিতেন। ফলে অভিযান পরিচালনার সময় জলদস্যুরা আগেভাগে সতর্ক হয়ে গা ঢাকা দিতে পারত।

 

 

 

এসআরবি-৬ জানায়, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্রগুলো সুন্দরবনে জেলে ও বনজীবীদের জিম্মি করা, চাঁদাবাজি ও ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং আরো কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।

 

গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জলদস্যুদের অস্ত্র সরবরাহ চক্রের আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

সুন্দরবনে জলদস্যু দমনে দীর্ঘদিন ধরে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি একাধিক জলদস্যু দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করলেও নতুন করে কয়েকটি দল আবার সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া যাচ্ছিল।

 

জেলে ও বনজীবীদের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ধরা ও মধু সংগ্রহের সময় জলদস্যুরা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে। এ কারণে সুন্দরবনকেন্দ্রিক অপরাধ দমনে সরবরাহ চক্র ভেঙে দেওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু অস্ত্রধারী জলদস্যুদের গ্রেপ্তার করলেই হবে না, তাদের পেছনে যারা অস্ত্র, খাদ্য ও তথ্য দিয়ে সহায়তা করে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। তাহলেই সুন্দরবনে স্থায়ী শান্তি ফিরবে।

 

এদিকে এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু দমন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর