অভয়নগর (যশোর) প্রতিনিধি
গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোরের অভয়নগরে ছয়জন চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠিন সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা সেলিম হোসেন, মেজবাউর রহমান ডাবলু, সাংবাদিকসহ উপকারভোগী মৎস্য চাষিরা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামের তন্দ্রা রহমান, শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মরর্জিনা খাতুন, পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের শহিদুল ইসলাম, সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের খাদিজা খাতুন, বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদি গ্রামের বিউটি খাতুন এবং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রেবেকা বেগমকে শিং, টেংরা ও বাইন মাছের পোনা, খাবার, চুন, রাসায়নিক ও জৈব সার এবং বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার বলেন, ছয়জন মৎস্য চাষিকে দুই হাজার ৫০০পিস করে শিং, টেংরা ও বাইন মাছের পোনা দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বস্তা (প্রতি বস্তা ২৫ কেজি) করে মাছের খাবার, ২৫ কেজি করে চুন, ১০ কেজি করে ইউরিয়া ও ১০ কেজি করে টিএসপি সার এবং ২৫ কেজি করে জৈব সারসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।