অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বারান্দা থেকে তালাবদ্ধ অবস্থায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে উপজেলার মহাকাল গ্রামের আলীপুর বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ কবির খাঁন (৩৫) মহাকাল গ্রামের মোঃ বিল্লাল খাঁনের ছেলে। তিনি আলীপুর বাজারে ‘কবির ফার্নিচার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে কবির খাঁন তাঁর ব্যবহৃত পালসার এস ডিস্ক মডেলের মোটরসাইকেলটি ব্যবসাপ্রতিষ্ঠানের বারান্দায় তালাবদ্ধ করে রেখে পাশের কয়লার ড্যাম্পে যান। প্রায় ২৫ মিনিট পর ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশের লোকজনের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর যশোর-লা-১৬-০১৫২। ১৫০ সিসির কালো রঙের মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার টাকা।
এ ঘটনায় মোঃ জিহাদ খাঁন, মোঃ তারেক কাজী ও মোঃ অপুসহ স্থানীয় কয়েকজন বিষয়টি অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করেও সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কবির খাঁন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।