কবিতাঃ তেল নিয়ে তেলেসমাতি
কলমেঃ বিপ্লব হোসেন
তেল নিয়ে তেলেসমাতি
চলছে দিবা রাতি,
তেলের পিছে ঘুরছি মোরা
অভাগা এক জাতি।
পাম্পে আছে লম্বা লাইন
হয় না তাহার শেষ,
মিলছে না তেলের হিসাব
জটিল পরিবেশ।
তেল নাই এই এক বুলি
শুনছি বারেবার,
কিন্তু রাতে ব্যারেল ভরে
চলে রে কারবার।
দিনে অভাব রাতে মেলে
এ কোন জাদুর খেলা,
চোখের সামনে সত্য মরে
মিথ্যার জমে মেলা।
দামটা বাঁধা কথায় শুধু
বাজার অন্য পথে,
লোভের আগুন জ্বলে উঠে
মানুষ পোড়ে রথে।
মজুত করে লুকায় তেল
সংকট মুখে মুখে,
কষ্ট দিয়ে লাভের হিসাব
করছে তারা সুখে।
গাড়িওয়ালা থেমে থাকে
জ্বালানি নাই বলে,
ভাড়া বাড়ায় খেয়াল মতো
খুশি মতো চলে।
কৃষক মরে হা-হুতাশে
কেমনে করবে চাষ,
তেলের অভাব চাষার গাড়ে
আইক্কা ওয়ালা বাঁশ।
চামচা নেতা আমলা কর্তার
তেলের অভাব নাই,
আমজনতা লাইনে ওরা
সাইড মেরে যায়।
যায় না বলা কোনকিছু
মেজাজ বেজায় গরম,
জাতির উপর জুলুম করে
পায় না তারা শরম।
তেল নিয়ে ভাই তেলেসমাতির
কবে হবে শেষ,
উঠবে কবে তেলে ভরে
আমার বাংলাদেশ।
একদিন ঠিকই ভাঙবে নীরব
এই যে দুঃখের রাতি,
ফিরে পাবে তেল অধিকার
আমার দেশের জাতি।