1. gangchiltvip@gmail.com : admin :
রোস্তমপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, উত্তপ্ত বাঘারপাড়া; ৬ জন পুলিশ হেফাজতে - Gangchil TV
June 15, 2026, 12:43 pm

রোস্তমপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, উত্তপ্ত বাঘারপাড়া; ৬ জন পুলিশ হেফাজতে

Reporter name :
  • আপডেটের সময়: Friday, June 5, 2026
  • 79 সময় দেখুন

 

 

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এতে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে বিক্ষোভ মিছিল বের করে। অভিযোগ রয়েছে, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।
হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— জিহাদ হাওলাদার (১৯), ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়।
ঘটনার পর বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “শান্তিপূর্ণ বাঘারপাড়ার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক রয়েছি।”

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর