ডেস্ক রিপোর্ট:
যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলকে অন্তর্ভুক্ত করে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ নামের এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচিত হয়েছে। প্রকল্পের বাস্তবতা যাচাইয়ে আজ ২৮ নভেম্বর সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা যশোরে আসছেন। তারা সরেজমিনে ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
তবে প্রকল্পে ভবদহ অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হলেও উন্নয়ন বরাদ্দের বড় অংশ ব্যয় হবে অন্য এলাকায়। ফলে প্রকল্পের নামের সঙ্গে বাস্তব বরাদ্দ ও কার্যক্রমের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে। বরাদ্দ বাড়ানোর কৌশল হিসেবে প্রকল্পে ‘ভবদহ’ নামটি ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিএডিসি যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সরেজমিন পরিদর্শনের পর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছেন কর্মকর্তারা।
বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর ও প্রকল্প পরিকল্পনা (পিপি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় শুধু যশোর জেলায় ১৩৭ কোটি টাকার কাজ হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে ফসল উৎপাদন ৮ হাজার ৭০০ মেট্রিক টন বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ভবদহ এলাকাসহ ৫ হাজার ২০০ হেক্টর জমিতে নতুন করে চাষাবাদ শুরু এবং কেশবপুরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় চার জেলায় ১০৮টি খালের মোট ১৭০ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের মূল উদ্দেশ্য জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, ফসল উৎপাদন বাড়ানো এবং পতিত জমি চাষের আওতায় আনা। এ লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন, খাল-নদীর সংযোগ স্থাপন, ছোট সেতু ও কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশন পাম্প এবং ভূগর্ভস্থ সেচনালা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভবদহ এলাকায় সরাসরি বড় কোনো কার্যক্রম রাখা হয়নি। সেচ পাম্প স্থাপনের পাশাপাশি ভবদহসংলগ্ন কেশবপুর উপজেলার ১৫টি খালের ৩০ কিলোমিটার খনন, কালভার্ট ও ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে কেশবপুরের জলাবদ্ধতা দূর হবে বলে দাবি করা হয়েছে।
কেশবপুরের খননযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে গড়াবাড়িয়া বিলের খাল, তরুর খাল, ভায়না খাল, কলাতলা খাল, নলবুনিয়া খাল ও ভেরচি খালসহ মোট ১৫টি খাল।
ভবদহসংশ্লিষ্ট অভয়নগর উপজেলায় কালভার্ট, সেতু, ভূগর্ভস্থ নালা ও পাম্প স্থাপনের পাশাপাশি চোমড়া ডাঙ্গার খাল, জয়খোলা খাল, বাগদার খাল ও মালিয়ার খাল—এই চারটি খালের ৮ কিলোমিটার খনন করা হবে। মণিরামপুর উপজেলার বাহাদুরপুর খাল, বয়রার খাল, আড়পাড়া বিলের খাল ও হরিদাসকাটি খালের ১১ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে।
ভবদহ এলাকার বাইরে যশোরের অন্যান্য উপজেলাতেও উল্লেখযোগ্য কাজ রাখা হয়েছে। যশোর সদরে হৈবতপুর, মাহিদিয়া, জয়রামপুর ও কয়েতখালি খালের ১২ কিলোমিটার খনন করা হবে। বাঘারপাড়ায় ৯টি খালের ১৪ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্দবিলার খাল, কয়ার খাল, সাদীপুর খাল ও খানপুরের খাল উল্লেখযোগ্য।
অন্যদিকে ঝিকরগাছা ও চৌগাছায় সেচ সুবিধা বাড়াতে সেতু, কালভার্ট, ভূগর্ভস্থ নালা ও সেচ পাম্প স্থাপনে গুরুত্ব দেওয়া হয়েছে। ঝিকরগাছায় আন্দোলপোতা, সুখদেবের ও নিশান খাল খনন করা হবে। চৌগাছায় সাতটি ফুটওভার ব্রিজ, ওয়াটার পাস আউটলেট ও সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। শার্শায় হরিণাপোতা, ওয়াপদার ও আমড়াখালি খালের ৬ কিলোমিটার খননের পাশাপাশি ডিপটিউবওয়েল, আরসিসি আউটলেট ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
ব্যয় নিয়ে প্রশ্ন, সুফল নিয়ে সংশয়
প্রকল্পসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ৩০০ কোটি টাকার এ প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় ও অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। গাড়ি কেনা, কর্মকর্তা ও কৃষকদের একাধিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন এবং অস্থায়ী ও স্থায়ী শ্রমিকের নামে অতিরিক্ত ব্যয়ের সংস্থান রাখা হয়েছে বলে তাদের অভিযোগ।
তাদের দাবি, ভবদহ এলাকায় কয়েক বছর ধরে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেচ পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চললেও আশানুরূপ সুফল পাওয়া যায়নি। এবারও প্রকল্পে পাম্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ নদীর প্রবাহ ও জোয়ার-ভাটার স্বাভাবিক গতি বাড়ানো না গেলে অতীতের মতোই প্রকল্পের সুফল সীমিত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, নদীর নাব্যতা, প্রবাহমানতা এবং উজানের পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসন কঠিন। খাল খনন যথাযথভাবে সম্পন্ন করে নদী ও খালের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে সাময়িক সুফল মিলতে পারে। তবে প্রকল্পের বড় অংশ অন্য এলাকায় ব্যয় হওয়ায় ভবদহ ও কেশবপুরের মানুষ কতটা উপকৃত হবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
যা বলছে বিএডিসি
সার্বিক বিষয়ে বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ বলেন, আগামীকাল যশোরের প্রতিমন্ত্রীসহ আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রীসহ পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবরা এলাকায় আসবেন এবং প্রকল্পের স্থান পরিদর্শন করবেন। এরপর একনেকে প্রকল্পটি পাস হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হবে, সেচ সুবিধা ও ফসল উৎপাদন বাড়বে এবং পতিত জমি চাষের আওতায় আসবে। এতে মানুষের জীবনমান উন্নত হবে।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারাজের সঙ্গে যশোর অঞ্চলের নদীগুলো যুক্ত হলে প্রকল্পের সুফল আরও ভালোভাবে পাওয়া যাবে। তবে জোয়ার-ভাটা এবং উজানের পানির প্রবাহ (আপস্ট্রিম ফ্লো) না বাড়লে ভবদহ সমস্যার প্রকৃত সমাধান কঠিন বলেও স্বীকার করেন তিনি।
প্রকল্পের দুর্বলতা ও অর্থ অপচয়ের অভিযোগ নাকচ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন জরিপ সম্পন্ন করে প্রয়োজনীয়তার ভিত্তিতেই প্রকল্পটি জমা দেওয়া হয়েছে। আশা করি, এটি বৃহত্তর যশোরবাসীর জন্য সুফল বয়ে আনবে।