1. gangchiltvip@gmail.com : admin :
বরিশল উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ - Gangchil TV
November 9, 2026, 3:05 pm

বরিশল উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেটের সময়: Monday, November 9, 2026
  • 20 সময় দেখুন

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা।

 

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

 

রেলপথ অবরোধের ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো-কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, ছয়টি গ্রামকে আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখতে হবে।

 

এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নের অংশবিশেষ নিয়ে বরিশল নামে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করতে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাফতরিক চিঠি পাঠানো হয়েছে।

 

বিক্ষোভকারীদের দাবি, সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ বন্ধ করতে হবে এবং বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর