যশোরের বাঘারপাড়ায় মরহুম আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দোহাকুলা একাদশকে ৫-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে জামদিয়া একাদশ।
উত্তেজনাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো সময়জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা।
সেমিফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি মো. লিটন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।