অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩টি কুঠি শিল্প ও ৩টি চা ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল গভীর রাতে আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং কাঠ ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টিতে থাকা কুঠি শিল্পের অন্তত ১৩টি ঘর এবং ৩টি চা ও মুদি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। গভীর রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খুলনা থেকে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
স্থানীয় ও ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে কয়েকটি বড় ব্যবসায়ীর প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে ডিজাইন মেশিন, মোটর, বিভিন্ন ধরনের কাঠ, দরজা, ড্রেসিং টেবিল, পালঙ্ক, খাট, সোফা, ফ্রেমসহ কাঠের তৈরি নানা আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেক গ্রাহকের অর্ডার করা মালামাল প্রস্তুত ছিল এবং অনেকের কাছ থেকে অগ্রিম টাকাও নেওয়া হয়েছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন চরম ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন।
সকালে বিএনপির থানা সভাপতি ফারাজী মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।