অভয়নগর প্রতিনিধি :
অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথ–এর অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত করুণা কান্তি মন্ডল মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ও মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর তিনি মানসিক রোগে আক্রান্ত হন এবং এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে স্থানান্তরের আগেই তিনি মারা যান।
এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, সকাল ১০টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।