1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে তেল নিয়ে তেলেসমাতি, চরম ভোগান্তি - Gangchil TV
April 11, 2026, 8:07 pm

অভয়নগরে তেল নিয়ে তেলেসমাতি, চরম ভোগান্তি

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, April 11, 2026
  • 62 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

 

যশোরের অভয়নগরে জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনা, দীর্ঘ লাইন এবং তেল সংকটের অভিযোগে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন তেল পাম্পে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোথাও কোথাও জোরপূর্বক তেল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে।

 

সাইদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক অভিযোগ করে বলেন, কিছু কিছু তেল পাম্পে মালিকরা কারসাজি করছেন। পাম্পে তেল থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হচ্ছে। পরে রাতের আঁধারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

এদিকে, উপজেলার বিভিন্ন তেল পাম্পে শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা চোখে পড়ছে না। বিশেষ করে বহিরাগত মোটরসাইকেল চালকদের অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

 

নিয়ম অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে পুলিশ ও সরকারি কর্মকর্তারা বিশেষ সুবিধায় তেল পেলেও সাংবাদিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। অনেক সময় তারা তেল পাচ্ছেন না বলেও জানা গেছে।

 

বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাবে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

 

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর