প্রধানমন্ত্রীর আগমনে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে — প্রতিমন্ত্রী অমিত
যশোর প্রতিনিধি :
যুদ্ধবিরতি কার্যকর হলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও তা স্বস্তির কারণ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর যশোর সফর উপলক্ষে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
জ্বালানি তেলের বৈশ্বিক সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি নিয়ে কোনো ধরনের অস্থিরতা এড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)–কে স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিয়মিতভাবে বিষয়টি ফলোআপ করছে বলেও জানান তিনি।
পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়; এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। তিনি বলেন, “বিগত ১৭ বছরে যশোরে যে উন্নয়নের গতি থমকে গিয়েছিল, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তা আবারও গতি পাবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর হাতে খননকৃত ঐতিহাসিক উলাশী খাল পুনঃখননের উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন, যা যশোরবাসীর জন্য একটি বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখানে থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর উদ্যোগে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করবেন।
পরবর্তীতে সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোরে জনপরিদর্শন করবেন এবং একটি জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে তিনি যশোর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি হিসেবে আজ জেলা কালেক্টরেট সভাকক্ষে দপ্তরপ্রধানদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)–এর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে যশোরজুড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্নের ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে এবং একই সঙ্গে যশোরের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনাও কাটবে।