ছাতিয়ানতলা বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, ভোটারদের সমর্থন চান ফারাজী মতিয়ার রহমান
যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারাজী মতিয়ার রহমান ও ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শুক্রবার দিনব্যাপী চলা এ কর্মসূচিতে তারা বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে এলাকার সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
ফারাজী মতিয়ার রহমান বলেন, “বাঘারপাড়ার উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অপরিহার্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, “ধানের শীষ গণমানুষের প্রতীক। এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মিছিল ও স্লোগানে বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যেও কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।