1. gangchiltvip@gmail.com : admin :
নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগ শুরু - Gangchil TV
February 17, 2026, 10:41 pm

নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগ শুরু

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, February 15, 2026
  • 27 সময় দেখুন

দীর্ঘ দুই দশক পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এই জয়ের মধ্যদিয়ে দেশের রাজনৈতিক সমীকরণে এক ঐতিহাসিক পরিবর্তন সূচিত হলো, যেখানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন কমিশনের সবশেষ ফলাফল অনুযায়ী, সারা দেশে ‘ধানের শীষ’ প্রতীকের জয়জয়কার পরিলক্ষিত হয়েছে। ১৯৯১ ও ২০০১ সালের পর এটিই বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং যুগপৎ আন্দোলনের ফসল হিসেবে এই গণরায় পেয়েছে দলটি। সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষে যে ম্যান্ডেট দিয়েছেন, তার প্রতিফলন ঘটেছে ব্যালট বক্সে।

গত বছরের ৩০ ডিসেম্বর দলের প্রাণপুরুষ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর হয়ে পড়েছিল জাতীয়তাবাদী শক্তি। তবে শোককে শক্তিতে রূপান্তর করে দলকে এক সুতোয় গেঁথেছিলেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়। নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬–উভয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের সক্ষমতা প্রমাণ করেছেন।

তারেক রহমানের এই রাজনৈতিক যাত্রা সহজ ছিল না। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে তৃণমূলের রাজনীতি শুরু করে ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চরম সংকটকালে দলের হাল ধরেন তিনি।

২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে বিশেষ ভূমিকা রাখেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বেই এই বিশাল জয় অর্জিত হয়।

দীর্ঘ ২০ বছর পর আবারও গণভবনের চাবিকাঠি যাচ্ছে বিএনপির হাতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবার এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে হাঁটবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি এবং দীর্ঘ নির্বাসন ও কারাবরণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশকে কোন দিকে নিয়ে যান, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা দেশ।

সব বাধা পেরিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন এক নতুন অধ্যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর