মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে এমন বক্তব্য দিয়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি প্রার্থী রশীদ আহমাদ। তাঁর এ মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি মণিরামপুর উপজেলার ভবদহ এলাকায় এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ভাইরাল ভিডিওতে রশীদ আহমাদকে বলতে শোনা যায়, ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ সমর্থক। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সেই উদাহরণ তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলে আওয়ামী লীগকেও পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ যে যার আদর্শ ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করবে। যেহেতু এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রশীদ আহমাদ এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে এ আসনটিতে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর প্রসঙ্গ তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল এ বক্তব্যকে সময়োপযোগী নয় এবং রাজনৈতিকভাবে বিতর্কিত বলে মন্তব্য করেছেন। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগের সমর্থকদের ভোট আকর্ষণের লক্ষ্যেই এমন বক্তব্য দেওয়া হয়েছে।
বিতর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রশীদ আহমাদ বলেন, তাঁর বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে। তিনি বলেন, বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে সবাইকে যুক্ত রাখার দৃষ্টিভঙ্গি থেকেই তিনি এ মন্তব্য করেছেন বলে দাবি করেন।