1. gangchiltvip@gmail.com : admin :
টুঙ্গিপাড়ায় সড়কে ব্যারিকেড, যান চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা - Gangchil TV
November 18, 2026, 6:24 pm

টুঙ্গিপাড়ায় সড়কে ব্যারিকেড, যান চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 18, 2026
  • 19 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের মোড়ে অবরোধ দেখা যায়। পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। ফলে ঢাকা-পিরোজপুর, ঢাকা-টুঙ্গিপাড়া ও টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী মাঝপথে আটকা পড়েছেন। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অধিকাংশ এলাকায় বড় ধরনের মিছিল দেখা যায়নি। তবে সকাল ১০টার পর পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, স্লোগান ও সড়ক অবরোধের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

এদিকে টুঙ্গিপাড়া থানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বুধবার সকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ছিল না। থানার স্বাভাবিক কার্যক্রমও বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন পুলিশ সদস্য ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যারাক ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন বলেও স্থানীয় সূত্রের দাবি। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এতে সংসদ সদস্যের বাড়িসহ আশপাশের প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। ঘরবাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এ ছাড়া রাতের সহিংসতায় টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

 

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া উত্তেজনা ও সহিংসতার প্রভাবে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অবরোধ অব্যাহত রয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

বুধবার সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কের অবরোধ অপসারণ, যান চলাচল স্বাভাবিক করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর